এনামুল হাসান অপু :
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় গজারিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার (১৪) নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৪টি যাত্রীবাহী বাস ভাঙচুর করে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত স্কুল শিক্ষার্থী শ্রাবন্তী তার বাড়ি চর বাউশিয়া গ্রাম থেকে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় চট্টগ্রামমুখী লেনে স্টার লাইন পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শ্রাবন্তীকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রাবন্তী গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।
শিক্ষার্থী নিহতের খবর ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে। তারা শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়মুখী লেনে যান চলাচল বন্ধ করে অবরোধ করে রাখে। এই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-ফেনী রুটে চলাচলকারী স্টার লাইন পরিবহনের ৪টি বাস ভাঙচুর করে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আল আজাদ জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসে শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা পর সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বর্তমান পরিস্থিতি ও আইনি পদক্ষেপ
বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা যায়।