সাবিনা ইয়াছমিন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ড আদালত পাড়া এলাকার বউ সাজ বিউটি পার্লারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট, একটি পিস্তল এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পার্লারের ৩ জন আটক করা হয়েছে। আজ রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের একটি দল ওই বিউটি পার্লারে অভিযান চালায়। এ সময় পার্লারের ভেতর থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত পার্লারের মালিক বিলকিস আক্তার ঢাকায় আছেন বলে জানা যায় । তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এই পার্লারের আড়ালে অবৈধ কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। জাল টাকা তৈরি ও বিতরণের পাশাপাশি অস্ত্র ব্যবসার সঙ্গেও তার জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এই চক্রের সাথে আর কারা জড়িত, তা জানতে আরও তদন্ত করা হচ্ছে। উদ্ধারকৃত জাল নোট ও অস্ত্রের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন একটি স্পর্শকাতর ঘটনা বিউটি পার্লারের মতো একটি স্থানে ঘটবে, তা তারা কখনো ভাবতে পারেননি।
পুলিশের এই অভিযানকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।